বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে আজ ভোরে সাতটি বাস এবং তিনটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। সংঘর্ষের ফলে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।
মাথুরা জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্লোক কুমার দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, ঘন কুয়াশার কারণে অন্তত ১০ টি গাড়ির মধ্যে সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়ি আগুন লেগে যায়। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং বাকী যাত্রীদের সরকারি গাড়িতে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে।
মাথুরা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চন্দ্রপ্রকাশ সিংহ দুর্ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং উদ্ধার কাজের অবস্থা সম্পর্কে জানিয়ে বলেন, ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ১২টির বেশি দমকল ও ১৪টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে কোনো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।