বিশেষ প্রতিনিধি, nipon।।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন সূত্র জানায়, জোহর রাজ্যের জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে হানা দেওয়া হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস-এর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি ছাড়াই বিপুলসংখ্যক বিদেশি সেখানে কাজ করছিলেন।
অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও কারখানার সব বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় তারা ব্যর্থ হয়। এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য কারখানার মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় কর্মীকেও আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
এদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় পৃথক অভিযানে একটি ইস্পাত কারখানা থেকে আরও ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক সবাই বাংলাদেশি নাগরিক।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।