বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সকালে জিগাতলা এলাকার একটি নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতারা রুমীর বয়স ছিল ৩২ বছর।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।
এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একাধিক স্ট্যাটাস দেন জান্নাতারা রুমী। সর্বশেষ স্ট্যাটাসে তিনি ওসমান হাদির কথা উল্লেখ করে লেখেন, “ইয়া আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।”
এর একদিন আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, “একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না।”
একটি দলবদ্ধ ছবির সঙ্গে এমন ক্যাপশনের অর্থ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। অনেকেই বলছেন এটি মজার ছলে করা একটি পোস্ট। আবার কেউ কেউ বলছেন, মৃত্যুর আগেই মানুষ বুঝতে পারে যে তাঁর সময় শেষ হয়ে যাচ্ছে এমন কিছু কথা এবং আচরণ করে যেন সত্যিই ঘটবে।
হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।