বিশেষ প্রতিনিধি, nipon।।
লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার ( ২০ ডিসেম্বর ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে শহিদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার সকাল ৮টা ২২ মিনিটে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে।
হিমাগারে জামায়াত আমির শহিদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে তিনি উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে শহিদ ওসমান হাদির রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।
এদিকে, শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় জামায়াতে ইসলামীর আমিরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।