বিশেষ প্রতিনিধি, nipon।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে তার জানাজা।
জানাজার ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জানাজা শেষে শহীদ ওসমান হাদিকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জানাজাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু নিরাপত্তা নির্দেশনাও জারি করেছে সরকার। জানাজার সময় কেউ যেন ভারী ব্যাগ বা কোনো ভারী বস্তু বহন না করেন, সে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ ঢামেক হাসপাতালের হিমাগারে রাখা হয়। শনিবার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।