বিশেষ প্রতিনিধি, nipon।।
শহীদ ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে রাজধানীর কবরস্থান এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কবরস্থান এলাকা থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে।
সকাল থেকেই কবরস্থান ও আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হতে শুরু করে। তবে দুপুর দেড়টার পর সবাইকে সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ব্যারিকেড বসিয়ে শাহবাগ থেকে টিএসসি চত্বর পর্যন্ত যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার কারণে কবরস্থান ও আশপাশের এলাকা কার্যত নিয়ন্ত্রিত জোনে পরিণত হয়েছে। শনিবার, ২০ ডিসেম্বর, সকাল থেকেই টিএসসি থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। সাধারণ যানবাহন ও পথচারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
টিএসসি, শাহবাগ মোড়, দোয়েল চত্বর এবং কবরস্থানের আশপাশে পুলিশ, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। কবরস্থান ঘিরে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক চলাচলের ওপর রাখা হচ্ছে কড়া নজর।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, জানাজা ও দাফনে বিপুল মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় আগাম এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ করছেন।