বিশেষ প্রতিনিধি, nipon।।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার, ২০ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। এমিরেটস এয়ারলাইন্সের ওই বিমানে করে মরদেহগুলো দেশে আনা হয়।
বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।
মরদেহ গ্রহণকালে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে সামরিক স্যালুট প্রদান করা হয়।
আইএসপিআর জানায়, আগামী রোববার ২১ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত সন্ত্রাসী ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আরও নয়জন শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালের লেভেল–থ্রি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।