বিশেষ প্রতিনিধি, nipon।।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআই-এ গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ আদেশ দিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলাটিতে গ্রেফতার ১০ জন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আজ আদেশ নির্ধারিত রয়েছে।
রোববার ( ২১ ডিসেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন। আদেশের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে কি না, তা স্পষ্ট হবে।
এ মামলার মোট ১৭ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলমসহ ১০ জন সেনা কর্মকর্তা। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র্যাবের একাধিক সাবেক শীর্ষ কর্মকর্তা। তাঁদের অনেকেই বর্তমানে পলাতক।
এর আগে, গত ১৪ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবীরা পৃথক শুনানিতে তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। শেখ হাসিনার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমির হোসেনসহ একাধিক আইনজীবী।
অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান।
উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিন আদেশ ঘোষণার জন্য নির্ধারণ করেন।
এদিকে, আজকের আদেশকে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।