বিশেষ প্রতিনিধি, nipon।।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এর অংশ হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগে সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। একই দিন বিকেল ৩টা থেকে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত সংগঠনের দুই দফা দাবির একটি দাবিও এখনো বাস্তবায়ন হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপন করে সেসব সংস্থা থেকে ‘হাসিনার চরদের’ গ্রেপ্তার করা হয়নি। বরং অ্যাডিশনাল আইজিপির মাধ্যমে সংবাদ সম্মেলন করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে ইনকিলাব মঞ্চ।
এরপর রোববার রাত ১০টা ৫৪ মিনিটে সংগঠনটির ফেসবুক পেজ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে রাত সোয়া ১১টার দিকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে বলা হয়, ‘খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবেই এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।