বিশেষ প্রতিনিধি, nipon।।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপিল আবেদনে তার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রয়েছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক আইজিপি মামুনকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। এর আগে তিনি আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হন।
ওই দিন বহুল আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ পালন করেছেন। তিনি ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সেই নির্দেশ বাস্তবায়ন করেন।
ট্রাইব্যুনাল আরও মন্তব্য করেন, অভিযুক্তদের অপরাধ সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। এ মামলার রায়ের পর একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে ইতোমধ্যে আপিল করেছে প্রসিকিউশন। এরই ধারাবাহিকতায় এবার নিজের ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন।