বিশেষ প্রতিনিধি, nipon।।
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ৩৮ বছর বয়সী ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং নিজেকে আরো দীর্ঘ সময় ওয়ানডে ক্রিকেটে দেখতে চান তিনি।
রোহিত শর্মা ২০২৫ সাল জুড়ে ভারতের হয়ে খেলা ১৪টি ওয়ানডেতে ৬৫০ রান করেছেন তিনি যেখানে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি ছিল। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কারই তাকে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দেয়।
অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত দলকে চ্যাম্পিয়নস ট্রফি জেতালেও ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোয় তার ভবিষ্যৎ নিয়েউঠছিল নানা প্রশ্ন । কিন্তু সব প্রশ্নের রোহিত জবাব দিয়েছেন নিজের চেনা অস্ত্র রান দিয়ে।
এক অনুষ্ঠানে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথায় রোহিত ক্যারিয়ারকে একটি উড়োজাহাজের সঙ্গে তুলনা করে বলেন,যখন প্লেনে উঠেই পড়েছি তখন আমি উপরে থাকতে চাই।
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ, সব মিলিয়ে রোহিত শর্মা যে তার ওয়ানডে যাত্রা আরও দীর্ঘ করতে প্রস্তুত, তা স্পষ্ট। মাঠের বাইরেও রোহিতের এসেছে বড় পরিবর্তন। অস্ট্রেলিয়া সফরের আগে তিনি প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন।