বিশেষ প্রতিনিধি, nipon।।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার পুলিশ রিপোর্ট পাওয়ার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ নজরুল বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করা হবে।
এদিকে, ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে।
তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা করেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।