বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নির্বাচন কমিশন অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
এ বৈঠকে নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে নির্বাচন কমিশন সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।