বিশেষ প্রতিনিধি, nipon।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে দলটি এই নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার।
প্রেস সচিব জানান, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত বিচার আইনে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজাসহ বিভিন্ন বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা আপনারা প্রত্যক্ষ করেছেন।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, সরকার তার প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। তার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে। তারা যে পরিমাণ নিরাপত্তা চেয়েছেন, সে অনুযায়ী সরকার সহযোগিতা করছে।
এছাড়া ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ভিডিও ও ভিজ্যুয়াল প্রমাণের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে এবং অনেকের কাছ থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
শেষে তিনি আবারও উল্লেখ করেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট।