বিশেষ প্রতিনিধি, nipon।।
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। মধ্যরাত থেকে আকাশে তীব্র কুয়াশা থাকায় রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় অন্তত পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করে অবতরণ করেছে।
বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর ) দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব ফ্লাইট কলকাতায় অবতরণ করে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে কলকাতায় চলে যায়। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে সৌদি আরবের দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও কুয়াশার কারণে অবতরণ করতে না পেরে কলকাতায় ডাইভার্ট করা হয়।
একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আগত ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের তুলনায় ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে বলেন, কুয়েত থেকে আগত কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়াশার কারণে ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার রাতে প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বাড়তে পারে।