বিশেষ প্রতিনিধি, nipon।।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে এখনও কালো ছায়া কাটেনি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে।
শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকল ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বেকার ভাতা নয়, বরং দক্ষ জনশক্তি তৈরি করতে চায়। শিক্ষা ব্যবস্থায় উন্নত ও যুগোপযোগী কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে তোলা সম্ভব হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, স্বাধীনতাবিরোধী বা সহিংসতার তকমা লাগিয়ে, এমনকি ক্রসফায়ার ও আয়নাঘরের মতো ভীতি প্রদর্শনের মাধ্যমেও ছাত্রশিবিরকে থামানো যাবে না।
সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।