বিশেষ প্রতিনিধি, nipon।।
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাইয়ের প্রস্তুতির সময় জাহাজটি ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থান করছিল। এ সময় হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিকসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।