বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে তারা সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, আজ বেলা ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বার্তায় আরও বলা হয়, বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনগণকে শহীদ হাদি চত্বরে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা জানান, তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচির কারণে তারা সাময়িকভাবে স্থান পরিবর্তন করেছেন। কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে দুপুর ১২টার দিকে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে জানান তিনি।
এদিকে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। তারেক রহমানের আগমন উপলক্ষ্যে তারা সেখানে জড়ো হয়ে স্লোগানের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে বলে জানা গেছে।