বিশেষ প্রতিনিধি, nipon।।
শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে। চার্জশিট দাখিলের পর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকার হাদির খুনি ও তাদের পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে। তিনি বলেন, “চার্জশিট নির্ভুল ও নিখুঁতভাবে দিতে কাজ চলছে, যাতে কোথাও কোনও ফাঁকফোকর না থাকে। আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি কাজ করছি, তাই এমন তথ্য প্রকাশ করা যাবে না যা শত্রুকে শক্তিশালী করতে পারে।”
পরিবেশ উপদেষ্টা আরও জানান, হাদির হত্যাকারীরা যদি দেশের বাইরে থাকে, তবে তাদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে। তিনি বলেন, “ভারতে তাদের খুঁজে পাওয়া গেলে দেশটি আমাদের সহায়তা করবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।”