বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কয়েকজন নেতার পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফ্যাসিবাদী আমলের নিপীড়নমূলক মামলায় জামিন নিতে আদালতে যান আখতার হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির সম্ভাব্য জোট রাজনীতি নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর একটি চিঠি দেন দলের ৩০ জন নেতা। চিঠিতে তারা উল্লেখ করেন, এ ধরনের জোট এনসিপির কর্মী-সমর্থক এবং বিশেষ করে তরুণ প্রজন্মসহ নতুন ধারার রাজনীতিতে বিশ্বাসী বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। অল্প কিছু আসনের জন্য জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার সামিল বলেও মন্তব্য করেন তারা।
এদিকে দলটির ভেতরে পদত্যাগের ঘটনাও ঘটেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া শনিবার (২৭ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, এসব ঘটনা সত্ত্বেও এনসিপির সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং জোট সংক্রান্ত বিষয়ে এখনো আলোচনা চলমান আছে।