বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক।
রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম উদ্বেগ জানিয়ে এসব কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, ভারতে মুসলিম-খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। এই মাসে ভারতের ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংস হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি-সহিংসতার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিবেশী দেশ হিসেবে ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সে দেশের সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করা হয়।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, ভারত সরকার এ ধরনের সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের ওপর হামলা ও হত্যার খবর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছে।