বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি খুলনা জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খন্দকারের হাতে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের একাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানকালে খুলনা-২ আসনের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী এবং খুলনা-৬ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ একসঙ্গে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা এখনো শঙ্কিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, ১০ দলীয় জোটের সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্তভাবে আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোটের অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করবেন বলেও জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, দেশের মানুষের প্রকৃত পরিবর্তনের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।