বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবি পার্টি।
সোমবার বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জোটে যোগদানের বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং আসন বণ্টন নিয়েও প্রাথমিক সমঝোতা হয়েছে। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলমান রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি যৌথ অভিযান প্রয়োজন। নির্বাচিত হলে জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকারও করেন এবি পার্টির এই নেতা।
উল্লেখ্য, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।