বিশেষ প্রতিনিধি, nipon।।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তার দায়িত্বে ছিলেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পেয়েছিলেন।
এই তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।
এর আগে কয়েক মাস আগে অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেন। পরে গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন খোদা বকশ চৌধুরী। সর্বশেষ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে তিন বিশেষ সহকারীই তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।