বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ( ৩১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার পর তিনি জিয়া উদ্যানে পৌঁছে কবর খননসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। সকাল সোয়া ৯টার দিকে লাল-সবুজ পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।
সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মরদেহবাহী গাড়িটি হাসপাতাল থেকে রওনা হয়। পরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানে পৌঁছায়।
জানা গেছে, মরদেহ কিছু সময় তারেক রহমানের বাসায় রাখা হবে। এরপর জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হবে। দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।