বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপির বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় পৌঁছান তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব মিশন তাদের ফেসবুক পেজে শোক ও সমবেদনা জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর জানাজা আজ বাদ জোহর, দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।