বিশেষ প্রতিনিধি, nipon।।
রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা সিগারেট বিক্রি করলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা হতে পারে।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মঙ্গলবার রাতে এই অধ্যাদেশ জারি করেছে। ২০০৫ সালের ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ সংশোধন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময়ে সময়ে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা বাড়াতে পারবে। পাশাপাশি, একই ব্যক্তি দ্বিতীয়বার বা একাধিকবার এই আইন লঙ্ঘন করলে জরিমানা দ্বিগুণ হারে ধার্য হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা এবং শিশু ও কিশোরদের তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্য রয়েছে।