বিশেষ প্রতিনিধি, nipon।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।
সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারিয়েছে। তাঁর জীবন ও নেতৃত্ব দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।
শোকবার্তায় উল্লেখ করা হয়, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকালে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিস্তার, নারী ক্ষমতায়ন এবং শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে কন্যাশিশু শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বাধীন সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাকে বিশ্বব্যাংক ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে অভিহিত করেছিল।
মহাসচিব আরও স্মরণ করেন, ১৯৯৩-৯৫ ও ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা ও দূরদর্শিতা সংস্থাটির আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শোকবার্তায় বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
সার্ক মহাসচিব আশা প্রকাশ করেন, এই শোক কাটিয়ে বাংলাদেশের জনগণ গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে প্রেরণা গ্রহণ করবে।