বিশেষ প্রতিনিধি, nipon।।
খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান উত্তেজনা কতটা প্রশমিত হয়েছে, তা ভবিষ্যতেই স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরটি ইতিবাচক। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার একজন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিই তার প্রমাণ। তবে এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান উত্তেজনা কমাতে কতটা ভূমিকা রাখবে, তা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে।’
খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে হ্যান্ডশেকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি কেবল একটি শিষ্টাচারমূলক সৌজন্য। এখনই এর মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্য দেখছি না।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ ভবন প্রাঙ্গণে লাখো মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করেন।