বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এখন নেই। এমনটাই বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ যদি নিজেদের ভুল স্বীকার না করে, জনগণ তাদের গ্রহণ করবে না।
শুক্রবার ( ২ জানুয়ারি ) মাগুরার নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশের বাইরে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছেন, যেমন তিন হাজার পুলিশ নিহতের দাবি এবং আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা। এই ধরনের বক্তব্যকে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা দেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি আরও মন্তব্য করেন, গত ১৭ মাসে আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। বর্তমানে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া শেষের দিকে, তাই এখন ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে। এছাড়া রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
এর আগে শফিকুল আলম নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের কার্যক্রম পরিদর্শন করেন এবং আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আশ্রমের ধর্মীয় ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের প্রতিষ্ঠান সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিদর্শনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তরাও উপস্থিত ছিলেন।