বিশেষ প্রতিনিধি, nipon।।
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনাকে আন্তর্জাতিক আইনের জন্য একটি “বিপজ্জনক নজির” হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।
বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় ক্রমবর্ধমান উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে। মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অভিযানের ফলে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আরও অস্থিতিশীল ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরপেক্ষভাবে পরিস্থিতি বিচার করলে দেখা যায়, এ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে একটি বিপজ্জনক নজির স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের ঘাটতি মহাসচিবকে বিশেষভাবে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে ভেনেজুয়েলার চলমান সংকট সমাধানের আহ্বানও জানান গুতেরেস।
পৃথক এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্ক বলেন, “ভেনিজুয়েলার জনগণের সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার যোগ্য এবং পরবর্তী যেকোনো পদক্ষেপ নির্ধারণে এটিই মূল দিকনির্দেশনা হওয়া উচিত।”
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সূত্রে জানা গেছে, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আগামী সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় জরুরি বৈঠক আহবান করা হয়েছে। ওই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা ফেডারেল হেফাজতে রয়েছেন।