বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি সরকারি সহায়তা গ্রহণ করে এমন তথ্য প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারগুলোর সরকারি সহায়তা গ্রহণের একটি তালিকা প্রকাশ করেন। তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশ বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে।
তালিকায় দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের নাম থাকলেও ভারতের নাম এতে অন্তর্ভুক্ত করা হয়নি। কেন ভারতের নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।
যুক্তরাষ্ট্র সরকার অভিবাসীদের জন্য খাদ্য সহায়তা, সরকারি স্বাস্থ্যসেবা এবং ঘরভাড়ার সহায়তাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করে থাকে।
ট্রাম্পের প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি সহায়তা গ্রহণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ভুটানের অভিবাসী পরিবারগুলো। দেশটির ৮১ দশমিক ৪ শতাংশ পরিবার সহায়তা নেয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) এবং তৃতীয় স্থানে সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ)।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি পরিবারগুলোই সবচেয়ে বেশি সরকারি সহায়তা গ্রহণ করে। অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তান (৬৮ দশমিক ১ শতাংশ), পাকিস্তান (৪০ দশমিক ২ শতাংশ) এবং নেপাল (৩৪ দশমিক ৮ শতাংশ) পরিবারের সহায়তা গ্রহণের হার উল্লেখ করা হয়েছে।
এই তথ্য প্রকাশের পর অভিবাসন ও সামাজিক সহায়তা কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।