বিশেষ প্রতিনিধি, nipon।।
ভেনেজুয়েলার সাম্প্রতিক ও নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটকের খবরে এই উদ্বেগ জানানো হয়।
সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বিচারের মুখোমুখি করা হবে।
ভেনেজুয়েলার এই সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ যে কোনো দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং সংলাপের ওপর গুরুত্ব দেয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বাস করে, শান্তিপূর্ণ আলোচনা ও সংলাপের মাধ্যমেই সব ধরনের বিরোধের টেকসই সমাধান সম্ভব।