বিশেষ প্রতিনিধি, nipon।।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হয়েছে। নিউইয়র্কের আদালতে তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসে জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়।
সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, “আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিজ দেশ থেকে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।
মাদুরোর দাবি অনুযায়ী, গত শনিবার গভীর রাতে তাকে ও তার স্ত্রীকে একসঙ্গে আটক করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। তার স্ত্রীও আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মাদুরোর নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, আপাতত তার মক্কেল জামিন চাইছেন না, তবে ভবিষ্যতে জামিনের আবেদন করা হতে পারে। আদালত মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আগামী ১৭ মার্চ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের ভেতরে এক ব্যক্তি স্প্যানিশ ভাষায় চিৎকার করে মাদুরোকে উদ্দেশ করে বলেন, “আপনি যা করেছেন, তার মূল্য আপনাকে দিতে হবে।” এ সময় মাদুরো স্প্যানিশ ভাষায় জবাব দেন, “আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, একজন যুদ্ধবন্দি।”
পরে আদালত থেকে মাদুরোকে সরিয়ে নেওয়া হয়। এরপর তার স্ত্রীকে আদালতের পোডিয়ামে তোলা হলে সেখানে উপস্থিত একজন ব্যক্তি কান্নায় ভেঙে পড়েন। পরিস্থিতি বিবেচনায় বিচারক তাকে আদালতকক্ষ ত্যাগ করার নির্দেশ দেন।