বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রামের রাউজান উপজেলায় মুখোশ পরিহিত দুর্বৃত্তদের গুলিতে জানে আলম সিকদার (৩৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে। মোটরসাইকেলের পেছনে বসা এক যুবক খুব কাছ থেকে জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। দলীয় সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক কিছু ঘটনার পর তিনি বেশ কিছুদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। পরিবারের সদস্যদের দাবি, জানে আলমের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।