বিশেষ প্রতিনিধি, nipon।।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটিতে অন্তত আগামী ৩০ দিন কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’ প্রয়োজন, এরপরই কেবল নির্বাচন সম্ভব।
সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। আপাতত ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্বে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখবে এবং প্রয়োজনে সেখানে মার্কিন সেনা মোতায়েন থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প বলেন, “এখনই নির্বাচন করা সম্ভব নয়। মানুষ ভোট দিতেও পারবে না। দেশটিকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে হবে।” তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না; বরং মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
তার ভাষায়, “আমরা যুদ্ধ করছি তাদের বিরুদ্ধে যারা মাদক পাচার করে, অপরাধী ও মানসিক রোগীদের আমাদের দেশে পাঠিয়ে দেয়।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে। এতে ১৮ মাসের কম সময় লাগতে পারে বলে তার ধারণা। তিনি বলেন, এই কাজে বিপুল অর্থ ব্যয় হবে, যা পরবর্তীতে রাজস্ব বা অন্যান্য ব্যবস্থার মাধ্যমে পুনরুদ্ধার করা হবে।
ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারসহ একাধিক শীর্ষ কর্মকর্তা কাজ করবেন বলেও জানান ট্রাম্প।
কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে থাকবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এককথায় বলেন, “আমি।”
এদিকে মাদুরো নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট দাবি করেছেন। তার আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
ট্রাম্প জানান, ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছেন। তবে রদ্রিগেজের ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না— সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও সতর্ক করেন, সহযোগিতা না হলে দ্বিতীয় দফা সামরিক অভিযান চালানো হতে পারে, যদিও এমন পরিস্থিতি তৈরি হবে না বলেই তার আশা।