বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিশিগানের হ্যামট্রমিক শহরের গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে বেগম খালেদা জিয়ার নামেই পরিচিত হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশকে বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, এটি কেবল একটি সড়কের নাম পরিবর্তন নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের একটি প্রতীকী দলিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
এই নামকরণে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। প্রবাসীরা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।
প্রসঙ্গত, হ্যামট্রমিক শহরটি তার বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনপদের জন্য সুপরিচিত। সেখানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।