বিশেষ প্রতিনিধি, nipon।।
সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিযানের ভিডিও প্রকাশ করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ‘অপারেশন হক আই স্ট্রাইক’ নামের এই অভিযান গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় পরিচালনা করা হয়।
সেন্টকম জানায়, সন্ত্রাসবাদ দমন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। এক বিবৃতিতে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “আমাদের বার্তা স্পষ্ট ও শক্তিশালী—তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন, ন্যায়বিচার এড়িয়ে যেতে পারবে না।”
সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী যৌথভাবে ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানিয়ান এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের পাশাপাশি অভিযানে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অংশ নেন। তবে এই হামলায় হতাহতের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।