বিশেষ প্রতিনিধি, nipon।।
‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ এর মুকুটজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।
শনিবার রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে প্রশান্ত তামাংকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকাল ৯টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে দার্জিলিং ও ভারতের সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
অরুণাচল প্রদেশে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিয়ে সেখান থেকে দিল্লিতে ফেরার পরপরই ঘটে এ মর্মান্তিক ঘটনা। পরিবার ও ঘনিষ্ঠরা জানিয়েছেন, বড় কোনো শারীরিক অসুস্থতা না থাকা প্রশান্ত তামাং এর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মী ও ভক্তরা।
প্রশান্ত তামাংয়ের জীবন ছিল সিনেমার গল্পের মতোই। দার্জিলিংয়ের সন্তান প্রশান্ত কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালে ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’এ অংশ নিয়ে নিজের প্রতিভার জোরে জিতে নেন বিজয়ীর খেতাব। রাতারাতি পরিচিতি পান দেশজুড়ে। জীবনের শেষ দিন পর্যন্ত গান ও অভিনয় উভয় মাধ্যমেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর।
শুধু গান নয়, অভিনয়ের জগতেও প্রশান্ত ছিলেন সফল। ২০২৪ সালে সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কাজের প্রয়োজনে মুম্বাই বা দিল্লিতে ব্যস্ত থাকলেও নাড়ির টানে পাহাড়ি শহর দার্জিলিংয়ে ফিরে যেতেন যেখানে স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তার।