বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় দিনে ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের মধ্যে ৫১টি মঞ্জুর করা হয়। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিলও মঞ্জুর হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রথম দিনে ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।
রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের শুনানিতে ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এদিন ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়, ৭ জনের আপিল নামঞ্জুর করা হয় এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়। পেন্ডিং থাকা আপিলগুলোর জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের বিভিন্ন সময়ে শুনানির সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া পূর্বে বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।