বিশেষ প্রতিনিধি, nipon।।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তির ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) সকালে হোয়াইক্যং সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হানিফ লম্বাবিল এলাকার বাসিন্দা। তিনি নিজের চিংড়িঘের দেখতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালাতে গিয়ে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছিল।
এদিকে, রোববার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে তারা বিজিবির গাফলতির বিষয় তুলে ধরেন এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। গুলিবিদ্ধ শিশু হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।