বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তিনি বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান এবং আগামী ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এখনো জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি—এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জামায়াত আমির এই সময়সীমার কথা জানান।
ইইউ এবার নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কি না—এমন প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, “গত নির্বাচনে তারা কোনো প্রতিনিধি পাঠায়নি। এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবেন। তারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কাভার করবেন।”
নির্বাচনের পর দেশের স্বার্থে খোলা মনে আলোচনায় বসতে আগ্রহী কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আলোচনায় বসতে হলে তা নিঃশর্ত হতে পারে না। তিনি বলেন, “নিঃশর্ত কেন হবে? আরেকজনের দায় জোর করে আমি কেন কাঁধে নেব। আমরা তো দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই।”
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, “প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। তবে আমরা মনে করি তারা বদলাবেন। অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে।”
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।