বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হলে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যেকোনো এবং সব ধরনের ব্যবসার ওপর ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে। এই আদেশটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।”
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতেই নতুন করে এই শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকেও পরোক্ষভাবে চাপের মুখে ফেলতে চাইছে ওয়াশিংটন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা একাধিক নিষেধাজ্ঞার কারণে ইরান ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নতুন এই সিদ্ধান্ত বিশ্ববাণিজ্য ও আন্তর্জাতিক কূটনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।