বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে গুলির ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্তে এমন ঘটনার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে রাষ্ট্রদূতকে তলব করা হয়। বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে জানায়, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা উভয় দেশের দায়িত্ব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মায়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের জন্য বাধাস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের সীমান্ত লঙ্ঘন যেন আর না ঘটে, সেজন্য মায়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ ও প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।
এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে— সেই বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা।
জবাবে মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
একই সঙ্গে আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।