বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও পুনর্বহালের বিষয়ে আপিলের পঞ্চম দিনের শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
বিকেল পাঁচটা পর্যন্ত চলমান এই শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও।
ইসি সূত্র জানায়, গত চার দিনে অনুষ্ঠিত শুনানিতে আপিল করা প্রার্থীদের মধ্যে ২০৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ সময় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা সংক্রান্ত আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।