বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখতে হবে। সাম্প্রতিক সময়ে বিএসসি যেভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বুধবার ( ১৪ জানুয়ারি ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশন কর্তৃক বাস্তবায়িত ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধের অংশ হিসেবে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
অনুষ্ঠানে Subsidiary Loan Agreement (SLA) অনুযায়ী কিস্তির অর্থ এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা মোট ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক চেক হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে বিএসসির নিজস্ব আয় দিয়েই প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয় এবং বহরে নতুন নতুন জাহাজ যুক্ত করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বিএসসির বহরে আরও জাহাজ যুক্ত হলে নাবিকদের মধ্যে উৎসাহ বাড়বে এবং এর মাধ্যমে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।