বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের কেরালা রাজ্যের কোল্লামে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এসএআই)-এর একটি আবাসিক হোস্টেল কক্ষ থেকে দুই কিশোরী ক্রীড়াবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর এনডিটিভির।
নিহতদের একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের বয়স ১৫ বছর। তারা দুজনই এসএআই-এর প্রশিক্ষণার্থী ক্রীড়াবিদ ছিলেন। ১৭ বছর বয়সী কিশোরী অ্যাথলেটিকস বিভাগের শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণিতে পড়তেন। অপরজন ছিলেন কাবাডি খেলোয়াড় ও দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সী কিশোরী কেরালার কোঝিকোড় জেলার বাসিন্দা এবং ১৫ বছর বয়সী কিশোরী তিরুবনন্তপুরম জেলার বাসিন্দা। হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার ভোরে লক্ষ্য করেন, নির্ধারিত সময় অনুযায়ী সকালের প্রশিক্ষণ সেশনে ওই দুই কিশোরী উপস্থিত হয়নি।
পরবর্তীতে শিক্ষার্থীরা কক্ষে গিয়ে একাধিকবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। এ সময় কক্ষের ভেতরে দুই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, ১৫ বছর বয়সী কিশোরী সাধারণত অন্য একটি কক্ষে থাকতেন। তবে বুধবার রাতে তিনি তার সহপাঠীর কক্ষে অবস্থান করছিলেন। ভোরের দিকে অন্য শিক্ষার্থীরা দুজনকেই জীবিত অবস্থায় দেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় হোস্টেল ও ক্রীড়াঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।