বিশেষ প্রতিনিধি, nipon।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মাচাদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই উপহার পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের একটি চমৎকার নিদর্শন।
এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মারিয়া কোরিনা মাচাদো জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই তিনি নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার দিয়েছেন।
তবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই স্পষ্ট করেছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহারযোগ্য নয়। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই সম্মান মাচাদোর নামেই বহাল থাকবে।
উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে বিরোধী নেতা হিসেবে মাচাদো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান।