বিশেষ প্রতিনিধি, nipon।।
নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসি সূত্র জানায়, মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা আপিলের শুনানি চলাকালে দ্বৈত নাগরিকত্ব বিষয়ে উপস্থিত সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা জানতে চায় কমিশন। আইনজীবীরা তাদের ব্যাখ্যা উপস্থাপন করার একপর্যায়ে কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি ঘোষণা করে।
সিইসির নেতৃত্বে কমিশন সদস্যরা সভাকক্ষ ত্যাগ করার পর মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এ সময় সেখানে উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার বিরুদ্ধে ওঠা দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এতে উত্তেজিত হয়ে পড়েন কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তিনি মিন্টুর বক্তব্যের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নেন এবং তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ করেন যে, আব্দুল আউয়াল মিন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। তিনি এ বিষয়ে কমিশনের কাছে রুলিং দাবি করেন।
এ সময় আরেক আইনজীবী অভিযোগ করেন, কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকদের ওপর শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এটি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবেন না বলে আমরা আশা করি।” তিনি ভুক্তভোগীদের নির্বাচনী তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দেন।