বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামের আরও এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গে থাকা মাঈনউদ্দীনের ওপর অতর্কিত হামলা চালায়। বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে হামলাটি সংঘটিত হয়। হামলার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, “আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আহত বীর হাসনাত আবদুল্লাহর ওপর চন্দনাইশ বদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা হামলা করেছে। এই দৃশ্য আমি স্বাভাবিকভাবে নিতে পারছি না। এদের গায়ে যারা বিন্দুমাত্র আঁচড় দিয়েছে, তাদের অবস্থা আমরা শেষ সময় পর্যন্ত দেখে যাব। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। চন্দনাইশের সব ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হোন।”
উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন। পরবর্তীতে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।
হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।